আমাদের ভারত, ৩ আগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার আদালতে তোলা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়’কে। ব্যাঙ্কশাল আদালত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ৫ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।
ইডির তরফে পার্থ চট্টোপাধ্যায়কে চার দিন এবং অর্পিতাকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত দু’জনকেই দু’দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তার জামিনের আবেদন জানায়। তাদের দাবি ছিল পার্থর বাড়ি থেকে কিছু মেলেনি তার কাছ থেকে কিছু না পাওয়ার পরেও কেন তাকে জেরা করা হচ্ছে? তার জামিন মঞ্জুর করা হোক। সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি।
এদিকে ইডি আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে সাহায্য করছেন না। অন্যদিকে হেফাজতে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তার আইনজীবীরা কুড়ি মিনিট সময় চান যা নিয়ে আপত্তি তোলেন ইডির আইনজীবী। আদালত শেষে ১৫ মিনিটের সময় ধার্য করেছে। জানানো হয়েছে ইডি অফিসারদের উপস্থিতিতে একজন আইনজীবী দেখা করতে পারবেন। আদালতে আনার আগে দু’জনকে দশদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আজ তাদের আদালতে তোলা হয়।
আদালতে আনার আগে পার্থ অর্পিতা দুজনকেই জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। অন্যদিনের তুলনায় আজ নিরাপত্তা বলয় আরো বেশি আঁটোসাঁটো ছিল দুজনের। কারণ কাল পার্থকে যখন জোকায় আনা হয়েছিল তখন এক মহিলা তাকে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছিলেন। এরপরই নিরাপত্তা বাড়ানো হয় উভয়ের।

