জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ মে: জঙ্গলমহলের বেলপাহাড়ি ব্লকের ত্রাণ শিবিরগুলিতে খাবার ও পানীয় জল না পাওয়ার অভিযোগ তুলেছেন সেখানকার তৃণমূল নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলার অন্যান্য ব্লকগুলির মতো বেলপাহাড়ি ব্লকেরও বেশ কয়েকটি গ্রামে ত্রাণ শিবির খোলা হয়েছিল। মঙ্গলবার রাতে শিবির গুলিতে ৪৫৬৫ জন আশ্রয় নিয়েছিলেন। ঐদিন তাদের জন্য প্রশাসন খিচুড়ির ব্যবস্থা করলেও বুধবার সকাল থেকে তাদের কোনও খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন ব্লক তৃণমূল নেতৃত্ব।
দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা বেলপাহাড়ীর বাসিন্দা বংশী বদন মাহাতোর অভিযোগ, বুধবার দুপুরে অধিকাংশ ত্রাণ শিবিরে থাকা মানুষজন কোনও খাবার পাননি। কিছু কিছু শিবিরে মুড়ি দেওয়া হলেও পানীয় জলের কোনও ব্যবস্থা করা হয়নি। তৃণমূলের বেলপাহাড়ি ব্লক কমিটির সদস্য নুপুর মাহাতোর অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার কারণেই পোড়াশিডাঙ্গা, আস্তাজুড়ি ও সরিষাবাসার মতো ত্রাণ শিবির গুলিতে দুপুরে খাবার দেওয়া হয়নি। শুধু বেলপাহাড়ি ব্লকই নয়, জেলার অন্যান্য কয়েকটি ব্লকেও ত্রাণ শিবিরে সময় মতো খাবার না পৌঁছানোর অভিযোগ উঠেছে। শিবির গুলিতে খাবার পৌঁছানো নিয়ে সমস্যার কথা স্বীকার করেছেন জেলাশাসক জয়সি দাশগুপ্ত। তিনি বলেন, কয়েকটি জায়গায় দুপুরে খাবার পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল। তবে কোথাও খাবার না দেওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

