Child marriage, Midnapur, বাল্য বিবাহ রোধে সচেতনতার বার্তা, মেদিনীপুরে বর্ণাঢ্য মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে সচেতনতার বার্তা নিয়ে পথে নামল পড়ুয়ারা। বিশ্ব বাল্য বিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার মেদিনীপুর শহরে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বিপুল সংখ্যক স্কুল পড়ুয়া অংশগ্রহণ করে। বিভিন্ন সচেতনতামূলক বার্তা ও স্লোগানের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধের আবেদন জানায় তারা।

মিছিল শেষে মেদিনীপুর জেলা পরিষদ হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত- সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বাল্য বিবাহের কুফল ও তা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বিশেষ বার্তা দেওয়া হয়। পাশাপাশি বাল্য বিবাহ রোধে শপথ গ্রহণ করে পড়ুয়ারা।

জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, বাল্য বিবাহ রোধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। এই সামাজিক ব্যাধি নির্মূল করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *