কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: খড়্গপুরে চুরি – ছিনতাই বাড়ছে। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী খড়্গপুর, মেদিনীপুর শহরকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে বললেন। উপরে পালং শাক, নীচে লুকানো আগ্নেয়াস্ত্র, বুঝবেন কি করে? এজন্য খড়্গপুর স্টেশনে আসা সমস্ত দূরপাল্লার ট্রেনে বিশেষ নজরদারি চালাবে রাজ্য পুলিশ। পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
খড়্গপুর শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি ভবনে প্রশাসনিক সভা থেকে খড়্গপুর টাউন থানার আইসির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, কেন শহরে চুরি- ছিনতাই বাড়ছে? শহরে টহল দেন? শহরটা ঘোরেন? নাকা চেকিং চলছে? এগুলো বন্ধ করতে হবে। বাড়ি বাড়ি তো আর পুলিশ পোস্টিং করা যায় না। পুলিশকে একটা সিস্টেম করতে হবে। এরপরই তিনি মনে করিয়ে দেন, বহু ভাষাভাষীর মানুষের বাস এখানে। কত রকমের লোক। বাইরে থেকে কত লোক আসছেন যাচ্ছেন।
ডিজি ও এসপিকে মুখ্যমন্ত্রী বলেন, পুরো খড়্গপুর শহরকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। ট্রেনে চড়ে ভিন রাজ্য থেকে মানুষ আসছেন। দূরপাল্লার ট্রেন গুলিতেই নজরদারি বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। খড়্গপুর টাউন থানার আইসির কাছ থেকে জেনে নেন কতগুলি সিসি ক্যামেরা লাগানো হয়েছে? এরমধ্যে কতগুলি চালু রয়েছে? এরপরই এসপিকে জানিয়ে দেন, খড়্গপুর – মেদিনীপুর শহরে সিসিটিভির সংখ্যা বাড়াতে হবে।

