স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মে:
জমি নিয়ে শরিকী বিবাদ থেকে সংঘর্ষ। উভয়পক্ষের জখম ১১ জন। সোমবার এমনই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দামোদরখুরি গ্রামে। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জামাই নাজিবুল হকের সাথে তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে ২৫ শতক জমির দখলদারি নিয়ে বিবাদ চলছিল। নাজিবুল হকের দাবি তিনি তাঁর নিজের শ্বশুরের প্রাপ্য জমি আইনসঙ্গতভাবে কিনে নিয়েছেন। কিন্তু জামাই নাজিবুলের এই দাবিকে নস্যাৎ করে শ্বশুর সফিরুদ্দিনের অভিযোগ, নাজিবুল হক জাল দলিল তৈরি করে জমি দখল করার চেষ্টা করছে। তার কাছে আসল দলিল দেখতে চাইলে নানান টালবাহানা করে যাচ্ছিল জামাই নাজিবুল। সোমবার এই জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দুই পক্ষ বৈঠকে বসেছিল। কিন্তু আচমকাই বৈঠক চলাকালীন নাজিবুল হক তার লোকজন নিয়ে চড়াও হয়। সেখান থেকেই ব্যাপক সংঘর্ষ বেধে যায়। শ্বশুর সফিরুদ্দিন জানিয়েছেন, তাদের পক্ষের ৮ জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে এবং বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেলজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপরদিকে জামাই নাজিবুল হক জানিয়েছেন, তাদেরও ৩ জন গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রামপঞ্চায়েতের দামোদরখুরি গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ।

