Sukanta, BJP, Balurghat, বালুরঘাট জেলা হাসপাতালে চালু হলো শিশুদের ডায়াবেটিস ট্রিটমেন্ট সেন্টার, উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৪ অক্টোবর: দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন পরিষেবা যুক্ত হলো। এবার থেকে জেলার শিশুদের জুভেনাইল ডায়াবেটিস চিকিৎসার জন্য আর দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না। বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে চালু হলো বিশেষ জুবেনাইল ডায়াবেটিস ট্রিটমেন্ট সেন্টার। বুধবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই নবনির্মিত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়। এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আশপাশের জেলার শিশু রোগীরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

জুভেনাইল ডায়াবেটিস মূলত শিশুদের এক ধরনের ডায়াবেটিস। বিশেষ করে অল্প বয়সে শিশুদের এই রোগের চিকিৎসায় নিয়মিত নজরদারি ইনসুলিন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পাশাপাশি এই রোগের কারণে চোখের সমস্যাও দেখা দিতে পারে। ফলে ডায়াবেটিসের চিকিৎসার পাশাপাশি চোখের সমস্যার চিকিৎসাও জরুরি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে, ১২ বছরের কম বয়সী শিশুদের জুভেনেল ডায়াবেটিস এবং সংশ্লিষ্ট চোখের সমস্যার চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে হাতে গোনা মাত্র ৬-৭টি বিশেষ কেন্দ্র রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বালুরঘাট জেলা হাসপাতাল।

এই পরিষেবা বালুরঘাট জেলা হাসপাতালে শুরু হওয়ার ফলে দক্ষিণ দিনাজপুরের মতো প্রান্তিক জেলার শিশুদের এই বিশেষ চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ আরও সহজ হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, এই চিকিৎসা কেন্দ্র থেকে রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার ব্যবস্থা থাকবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষভাবে সহায়ক হবে, কারণ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের দীর্ঘদিন ধরে চিকিৎসা ও নিয়মিত ইনসুলিনের প্রয়োজন। বিনামূল্যে ইনসুলিন পাওয়ার সুযোগ তৈরি হলে পরিবারের আর্থিক চাপও অনেকটা কমবে। আজ বালুরঘাট জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। আগামী দিনে এই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার পরিকল্পনার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। সেই লক্ষ্যে হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও রাজ্য সরকার কাজ করছে বলে এদিনে উল্লেখ করেন তিনি।

সব মিলিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে জুভেনাইল ডায়াবেটিস ট্রিটমেন্ট সেন্টার চালু হওয়ায় দক্ষিণ দিনাজপুরের শিশু স্বাস্থ্য পরিষেবার নতুন দিশা খুলল তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকায় ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত বদলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দশটি শয্যা বিশিষ্ট অন্তর্বিভাগের শুভ উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। গ্রামীন এলাকার মানুষের কাছে উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। স্বাথ্য পরিকাঠামো সম্প্রসারণ ও প্রান্তিক মানুষের দোড়গোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে দাবি করেন তিনি। অন্যদিকে গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত মনোহলিতেও ৯টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *