আমাদের ভারত, ২৭ মে: অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানিয়ে দিলেন, খতিয়ে দেখে সব বেনোজলের নাম বাদ দেওয়া হবে, যারা ভাতার যোগ্য নয়। লক্ষ্মীর ভান্ডারে বহু নাম রয়েছে। একই সঙ্গে সিএএ আওতাধীন ও ট্রাইব্যুনালে আবেদনকারীরা এক্ষেত্রে ব্যতিক্রম বলে জানিয়ে দিয়েছেন। তাড়াহুড়ো করে ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই বলেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী্ সময় নিয়ে ফর্ম ফিলাপ করার কথা বলেছেন তিনি। অনলাইনে ও অফলাইনে ফর্ম ফিলাপ হবে বলেও জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার স্কিমে অনেক বেনোজল ঢুকে আছে। এমনকি অনেক পুরুষ এই যোজনার অন্তর্ভুক্ত হয়ে আছেন বলে অভিযোগ করেছেন তিনি। তাদের বাদ দেওয়ার কাজ করছে প্রশাসন।
তিনি আরো বলেন, একদিনই সবাই ফর্ম ফিলাপ করতে পারবে না। যতক্ষণ ফর্ম ফিলাপ না করবেন ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। এনরোলমেন্ট করা হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে। যারা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়ছেন তারা এক্ষেত্রে বাদ যাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, কোনোভাবেই প্রকৃত প্রাপক ছাড়া যাতে এই সুবিধার আর কেউ অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে চাইছে এই সরকার।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ জুন মন্ত্রিসভার বৈঠক আছে তারপরই দেওয়া হবে টাকা। ১জুন থেকে আদতে পরিষেবা দেওয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। ৩ জুনের মধ্যে ফর্ম পূরণ না হলে যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে সেটা ঢুকবে। আগামী ৯০ দিন এনরোলমেন্টের কাজ চলবে।
মুখ্যমন্ত্রী জানান, বুধবার সন্ধ্যায় অনলাইন ফর্ম দিয়ে দেওয়া হবে। এছাড়া অফলাইনেও ফর্ম পূরণ করা হবে। পরে ৩০ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলাপ করানোর একটা প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে ১৫, ১৬, ১৭ জুন তারিখ সেখানে ফর্ম ফিলাপ করার বা সহযোগিতা করার জায়গা থাকবে। কারোর যদি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে কনফিউশন থাকেন সেটাও ঠিক করতে পারবেন।

