Primary scholarship, প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে গমুন্ডায় গত বছরের উত্তীর্ণদের মানপত্র ও পুরস্কার প্রদান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: গোমুন্ডা সুবারবান উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার শেষ দিনে হলো ২০২৫- এর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মানপত্র প্রদান অনুষ্ঠান।

২০২৬ এর প্রাথমিক বৃত্তি পরীক্ষার আজ ছিল শেষ দিন। এদিন গত বছরের উত্তীর্ণদের মানপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গোমুন্ডা স্কুল অডিটোরিয়াম হলে। সভায় সভাপতিত্ব করেন গোমুন্ডা পরীক্ষা পরিচালন কমিটির স্থায়ী সভাপতি শিক্ষক শ্রীহরিচরণ পাত্র, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের রাজ্য প্রতিনিধি শিক্ষক প্রতাপ পন্ডা, সব্যসাচী মহাপাত্র, দীপক পাত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমুণ্ডা সুবারবান উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক চন্দন পন্ডিত, প্রাক্তন শিক্ষক শচীন মান্না, শিক্ষক পদ্মনাভ পাণিগ্রাহী, শিক্ষক সুকুমার দোলই, শিক্ষক স্বপন পাত্র প্রমুখ।

২০২৫ এর পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন ছাত্র- ছাত্রীকে মানপত্র ও কৃতীদের পুরস্কার প্রদান করা হয়। মোহনপুর ব্লকের প্রথম স্থানাধিকারী নীলপুরা প্রাথমিক বিদ্যালয়ের রাশি প্রধানের হাতে রাজ্য বৃত্তি ও পুরস্কার তুলে দেন প্রতাপ পন্ডা। প্রতাপবাবু বলেন, ১৯৯২ সালে এই পরীক্ষার সূচনা হয়। তৎকালীন সরকার প্রাথমিক স্তরে ইংরেজি এবং পাশ ফেল তুলে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থার সর্বনাশ সূচনা ঘটিয়েছিল। বরেণ্য শিক্ষাবিদরা শিক্ষা বাঁচানোর তাগিদেই বিকল্প শিক্ষা ব্যবস্থা পরিচালনা শুরু করেন। ডক্টর সুশীল মুখার্জির নেতৃত্বে গড়ে উঠেছিল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। সেদিন থেকেই প্রতিবছর পরীক্ষা চলছে। এ বছরও সারা রাজ্য জুড়ে প্রায় দু’ হাজার সেন্টারে প্রায় ২ লক্ষ ছাত্র- ছাত্রী পরীক্ষা দিচ্ছে। তিনি বলেন, অতি দ্রুত প্রথম শ্রেণি থেকেই পরীক্ষা ও পাশ ফেল পুনঃ প্রবর্তন করতে হবে।

গোমুন্ডা পরীক্ষা পরিচালন কমিটির সম্পাদক প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র পাত্র বলেন, ১৯৯৫ সাল থেকে এখানে এই পরীক্ষা হয়ে আসছে। এবছর গোমুন্ডা সেন্টারে ২৩০ জন ছাত্র- ছাত্রী পরীক্ষা দিয়েছে। অনেক শিক্ষক- শিক্ষিকা, কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রী ও শুভবুদ্ধি সম্পন্ন অভিভাবকরা এই পরীক্ষায় স্বেচ্ছায় ইনভিজিলেটারের কাজ করেছেন। সর্বস্তরের নাগরিকদের অকুন্ঠ সহযোগিতায় এই পরীক্ষা পরিচালিত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা বাঁচানোর স্বার্থে এই মহতি কর্মযজ্ঞে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, গোমুণ্ডা আঞ্চলিক কমিটির সহ সম্পাদক প্রভাব পানিগ্রাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *