পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৭ জুলাই: জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৫৭ হাজার ৭১৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫ লক্ষ ৯৩ হাজার ২৭১ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৫ লক্ষ ৬৪ হাজার ৪০৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে ৩৯ জন। ১২২৩ টি ভোটগ্রহণ কেন্দ্রে নিযুক্ত রয়েছে প্রায় ৮ হাজার ভোট কর্মী। ভোটারদের নিরাপত্তা প্রদানে নিযুক্ত রয়েছে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী। এছাড়াও নামানো হয়েছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যাদের মূলত স্পর্শকাতর এলাকাতেই মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
জেলায় ইতিমধ্যে ১৯৩টি স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়েছে প্রশাসনের তরফে। যার মধ্যে বালুরঘাট, তপন ও গঙ্গারামপুরের অধিকাংশ বুথ রয়েছে। যেসব বুথে মোতায়েন থাকবে প্রায় চারজন করে কেন্দ্রীয় বাহিনী। বাকি অনান্য জায়গায় রাজ্য পুলিশের নিরাপত্তাতেই চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। এবারের পঞ্চায়েত নির্বাচনে একটি জেলাপরিষদ, ৮টি পঞ্চায়েত সমিতি ও ৬৪ টি গ্রাম পঞ্চায়েতে মোট ৫ হাজার ৮৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ১১ জুলাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যদিয়ে যাদের গণনা প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচন কমিশন। জেলার প্রতিটি গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়েই সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বলে জানিয়েছেন জেলাশাসক বিজীন কৃষ্ণা।

