রাজেন রায়, কলকাতা, ২৫ আগস্ট: রাজ্যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ সরকার বদলে নিজের নামে চালাচ্ছে, রাজ্যে বারবারই এমন অভিযোগে সরব প্রধান বিরোধী দল বিজেপি। এবার রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রধানত গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত পরিষেবার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, তা রাজ্যে সঠিক ভাবে এগিয়েছে কি না, কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
রাজ্য প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে যে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধি দল খতিয়ে দেখবে গ্রামীণ রাস্তা নির্মাণ, পরিশ্রুত পানীয় জল, গ্রামীণ স্থানীয় প্রশাসনের পরিকাঠামো ঠিকঠাকভাবে গড়া হয়েছে কি না, এইসব বিষয়গুলি।
সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে দিকেই নজর দেবেন প্রতিনিধি দলের সদস্যরা বলে সূত্রের খবর।
গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে। সেগুলোই মূলত খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। জানা গিয়েছে, বুধবার কলকাতায় পৌঁছে কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রথমেই যাবেন দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপে। মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে আগামী জানুয়ারি মাসে বসতে চলেছে গঙ্গাসাগর মেলা। তার আগে সেখানে গ্রামোন্নয়নের ক্ষেত্রে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর কী কী বিষয়ে কাজ করেছে, তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল বলে জানা গিয়েছে। বুধবার সব বিষয় খতিয়ে দেখার পর বৃহস্পতিবার নবান্নে রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা, এমনটাই সূত্রের খবর।

