প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ সেপ্টেম্বর: নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত নেমে একবার ফের ভাটপাড়াতে তদন্ত করতে আসল সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। তারা এদিন ভোট পরবর্তী হিংসায় নিহত জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানীতলার ১১ নম্বর গলির বাসিন্দা আকাশ যাদবের বাড়ি যান। সেই সঙ্গে তদন্ত করতে শ্রীহরি উচ্চ বিদ্যালয়ে যান ওই প্রতিনিধি দলের সদস্যরা।
উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার দিন অর্থাৎ ২ মে বেলা একটায় ফোন করে ডেকে এনে আকাশ যাদবকে ৯ নম্বর গলিতে তাকে খুন করা হয়। সোমবার দুপুরে সিবিআইয়ের তিনজনের একটি প্রতিনিধি দল জগদ্দলে এসে প্রথমে খুনের ঘটনাস্থলের একটি বাড়ির সদস্যদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। এমনকি নিহতের ভাই অভিষেক যাদবকে শ্রীহরি উচ্চ বিদ্যালয়ে নিয়ে এসে তারা জিজ্ঞাসাবাদ করেন। তারপর সিবিআইয়ের প্রতিনিধি দল অভিষেক যাদবকে সঙ্গে নিয়ে জগদ্দলের আতপুরের উদ্দেশ্যে তল্লাশির জন্য রওনা দেয়।
প্রসঙ্গত, এর আগে আরও দু’বার ঘটনার তদন্তে এসেছিলেন তদন্তকারীরা।

