সাথী দাস, পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর: পুরুলিয়া জেলার বরাবাজার স্বাস্থ্য কেন্দ্রের প্রয়াত চিকিৎসক সুচিত্রা সিং এর আত্মার শান্তি কামনা করে ও শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল করলেন বাসিন্দারা। শনিবার সন্ধ্যা বেলায় এলাকার যুবকরা মোমবাতি হাতে নিয়ে বরাবাজার বাইপাস থেকে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুচিত্রা সিং এর কোয়ার্টার পর্যন্ত মৌন মিছিল করেন।

মিছিলের উদ্যোক্তা তথা বিশিষ্ট সমাজসেবী চন্দন সিং মল্ল জানান, সুচিত্রা সেন ম্যাডাম একজন খুব ভালো চিকিৎসক ছিলেন। উনার কাছে রোগী গেলে উনি খুব ভালোভাবে চিকিৎসা করতেন। উনার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে আমরা শোকাহত। তাই তাঁর আত্মার শান্তি কামনার যুবসমাজ হাতে মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। বরাবাজারের অনেক গরিব মানুষ আছেন যারা সুবিধা-অসুবিধায় ম্যাডামের কাছে গিয়ে চিকিৎসা করাতেন। এমন মানুষ আছেন যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারেন না তাদের বিনা পয়সায় ওষুধ দিতেন ওই চিকিৎসক। তাঁর এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না সমস্ত বরাবাজারবাসী।”

শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের কোয়ার্টার থেকে তালা ভেঙ্গে ওই মহিলা চিকিৎসকের পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার দেহটির ময়না তদন্ত হয় পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে।

