সাথী দাস, পুরুলিয়া, ৬ নভেম্বর: প্রথম প্রজন্মের শবর ভাই বোনেদের মধ্যে ভাইফোঁটা অনুষ্ঠিত হল। পুরুলিয়ার পুঞ্চার পাড়ুই মানব কল্যাণ সমিতির উদ্যোগে নবদিশা প্রাথমিক বিদ্যালয় চত্বরে নিজেদের ভাইদের কপালে ফোঁটা দিল শবর দিদিরা। এরপর থালায় করে পায়েস মিষ্টি ভাইদের পাতে তুলে দেয় তারা। তাদের এই উদ্যোগ প্রসঙ্গে পাড়ুই মানব কল্যাণ সমিতির সম্পাদক এবং কলকাতা পুলিশের কর্মী অরূপ মুখার্জি বলেন, “সমিতির প্রাথমিক বিদ্যালয়ে বহু শবর শিশু লেখাপড়া করছে। তাদের মেধা রয়েছে। শবর সমাজে ভাই ফোঁটার প্রচলন নেই। পাড়ুই মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাই ফোঁটার মত একটি সুন্দর প্রথা এই সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই।”

শবর ভাইদের ফোঁটা দিয়ে উচ্ছ্বসিত অরূপ বাবুর মেয়ে কিশোরী সাগরিকা মুখার্জি। তার কথায়, “আমাদের মতো মূল স্রোতে যেন ওরা থাকে এবং সব রকম সুযোগ সুবিধা পায়। এছাড়া প্রতিটি উৎসবে আনন্দে মেতে উঠে ওরা, এটাই চাই।”
আদিবাসী জনজাতির মধ্যে শবর হল সবথেকে পিছিয়ে পড়াদের অন্যতম। ব্রিটিশ রাজত্বে শবরদের বলা হতো অপরাধ প্রবণ জনজাতি। সেসময় কথায় কথায় তাদের পুরে দেওয়া হতো জেলে। সাধারণ মানুষজনও তাদের এড়িয়ে চলত। স্বাধীনতার পর অপরাধ প্রবণ তকমা মুছে দেওয়া হলেও শবরদের অবস্থার পরিবর্তন সেভাবে হয়নি। সাধারণ জনগণের সাথে তাদের সম্পর্কের একটা ফাঁক রয়েই যায়।

শুধু রক্তের সম্পর্কই নয় এদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই ফোঁটার মাধ্যমে ভাই বোনের শাশ্বত সম্পর্ক ফুটে উঠল। এদিন সাধারণ পরিবারগুলির সাথে বেশ কিছু সংগঠনও ভাই ফোঁটার আয়োজন করে। জেলা ক্রীড়া সংস্থা এমএসএ কার্যালয় চত্বরে গণ ভাইফোঁটার আয়োজন হয়।

