প্রতিটি ঘোষ, ব্যারাকপুর, ১১ সেপ্টেম্বর: অর্জুন সিং এর বাড়িতে বোমা মারার ঘটনার তদন্তের দায়িত্ব নিল এনআইএ– একথা জানিয়েছে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আমরা এনআইএর তদন্তের দাবি করেছিলাম সেই দাবি মেনে নেওয়া হয়েছে
শুক্রবার রাতে কাঁকিনাড়া ১৯ নম্বর গলি ইয়ুথ ফেডারেশন ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণেশ পুজোর উদ্বোধনে এসে সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমা মারার ঘটনাস্থল দেখতে এসে যান তিনি। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, এত শক্তিশালী বোমা কোথা থেকে এলো কারা বোমা মেরে ছিলো? কি ধরনের বোমা ব্যবহার হয়েছিলো তার তদন্ত করবে এনআইএ। আর সেই তদন্তের কাজ শুরুও করে দিয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারি।

কারণ হিসেবে তিনি বলেন, “ওই দিনের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে সেই বিস্ফোরণের তদন্ত এনআইএ করুক তার দাবি করেছিলাম আমরা, আমাদের সেই দাবি মেনে নেওয়া হয়েছে।”
পুজো উদ্বোধনে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিজেপি নেতা শীলভদ্র দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

