করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে বনগাঁয় আজ থেকে শুরু হল টিকার বুস্টার ডোজ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ জানুয়ারি: আজ থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। এই ডোজ পাবেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ও ষাটোর্ধ্বরা। তবে ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে।

করোনা-সংক্রমণের কোপে এমনিতেই আতঙ্কিত মানুষ। আর তার উপর উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ভ্যরিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। বড়দিনের রাতে প্রিকশন বা বুস্টার ডোজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, হেলথ কেয়ার ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রিকশন ভ্যাকসিন দেওয়া শুরু হবে ২০২২-এর ১০ জানুয়ারি, সোমবার থেকে। সেই মতোই করোনার তৃতীয় ঢেউয়ের আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীদের বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হল বনগাঁ মহকুমা হাসপাতালে।

এ বিষয়ে হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বুস্টার ভ্যাকসিন দেওয়ার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে, আমরা বনগাঁ মহাকুমা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছি। প্রতিদিন ১০০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। মূলত যারা স্বাস্থ্য কর্মী, নার্স, ডাক্তার এবং ৬০ ঊর্ধ্ব যেসব বয়স্ক মানুষ আছেন, তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *