জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: করোনা আবহে ব্লাড ব্যাঙ্কগুলিতে কিছুটা হলেও রক্তের সঙ্কট দূর করতে উদ্যোগী হলেন বামপন্থী ছাত্র যুবরা। বামপন্থী যুব আন্দোলনের অন্যতম পথিকৃৎ দীনেশ মজুমদারের ৮৯ তম জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে অনুষ্ঠিত হল ইন হাউস রক্তদান শিবির।

মঙ্গলবার এসএফআই ও ডিওয়াইএফআই’য়ের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এবং রেড ভলান্টিয়ারদের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে উভয় সংগঠনের সদস্য সদস্যা ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। এদিন সকালে মেদিনীপুর শহরের কর্ণেলগোলায় অবস্থিত এসএফআই ও ডিওয়াইএফআইয়ের জেলা অফিসে দুটি সংগঠনের পক্ষ থেকেই দীনেশ মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক সুমিত অধিকারী, এসএফআইয়ের জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, সভাপতি সৈয়দ সাদ্দাম আলী, সৌমিত্র ঘোড়াই, সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য ছাত্র যুব নেতৃত্ব।

