জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর,
২১ মে: শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে মিছিল চলার সময় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে ধুন্ধুমার কান্ড বেধে যায়। অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করে। এই সময় তৃণমূল কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দু’দলের মধ্যে বাঁশ, লাঠি নিয়ে মারপিট শুরু হয়ে যায়। অভিযোগ, পুলিশের সামনেই দুই দলের কর্মীদের মধ্যে মারামারি চলতে থাকে। পরে শুভেন্দু অধিকারী তার দলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজেপি কর্মীদের ওপর হামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ভূপতিনগরের যা পরিস্থিতি এখানে আধা সামরিক বাহিনীর ক্যাম্প করতে হবে। তার জন্য তিনি আদালতের দ্বারস্থ হবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভোট পরবর্তী হিংসায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূপতিনগর এলাকা। ঘরছাড়া যারা ছিল তারা অনেকেই বাড়ি ফিরতে পারেনি। কিছু লোক যদিও বা ফিরেছে আবারও তারা হিংসার স্বীকার হচ্ছে। তারই প্রতিবাদে ভূপতিনগরে বিজেপির পক্ষ থেকে আজকের এই ধিক্কার মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি।
কর্মসূচি শুরু হওয়ার আগে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের তীব্র নিন্দা করেন শুভেন্দু অধিকারী। ভূপতিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। মুখ্যমন্ত্রীর নামে কটুক্তি করার সময় স্থানীয় লোকজনই বাধা দিয়েছে।

