আমাদের ভারত, মালদা, ২০ সেপ্টেম্বর: এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ এলাকারই তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা শাসকদলের ঘনিষ্ট হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ দাবি কিশোরীর পরিবারের। মালদার রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামের ঘটনা।
ধর্ষিতার পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী গ্রাম বালুপুরের বাসিন্দা রহিমূল হক টিউশনি পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে জোরকরে গাড়িতে তুলে নেয়। এরপর মাদক খাইয়ে রহিমূল এবং তার দুই সহযোগী মোট তিনজন মিলে ওই কিশোরীকে সারাদিন ধর্ষণ করে। এরপর গ্রামে ফেলে রেখে চলে যায়। এরপর কোনও রকমে ওই কিশোরী বাড়িতে আসে। একটু সুস্থ হলে সমস্ত ঘটনা তার পরিবারের সদস্যদের জানায়। এরপরই পরিবারের সদস্যরা রতুয়া থানায় অভিযোগ দায়ের করে।
মূল অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই ৩ অভিযুক্ত বেপাত্তা। গোটা ঘটনা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, অভিযুক্তরা যেহেতু শাসক দলের ঘনিষ্ঠ সেই কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে কে কি করেছে তার দায় তৃণমূল নেবে না। এধরনের ঘটনা কেউ ঘটিয়া থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে প্রশাসন ও পুলিশ নেয় তা দেখবে দল।

