কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২২ মে:
ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাটের উপর বোমাবাজির হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং সন্ত্রাস বন্ধের দাবি জানাল বিজেপি। এই দাবিতে ঘাটাল থানায় ডেপুটেশন দেন বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য গতকাল শুক্রবার সন্ধ্যায় বোমা নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতি। সেই ঘটনায় বিধায়কসহ তিনজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ঘাটাল থানার মনসুকা বাগানালা গ্রামে এক চিকিৎসক বিজেপি নেতার চেম্বার বন্ধ করে দেওয়া হয়। এলাকার চিকিৎসক কিঙ্কর ঘড়ুয়ের বন্ধ হয়ে থাকা চেম্বার খোলার ব্যবস্থা করার জন্য গতকাল সন্ধ্যায় বিধায়ক শীতল কপাট সেখানে গিয়েছিলেন। বিধায়ক যখন ওই গ্রামে পৌঁছান তখন তাদের লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা বিধায়ক সহ অন্যান্য নেতাদের ওই এলাকা থেকে বের করে আনেন। এরপর আহত শীতলবাবু সহ তিনজনকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকালের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দবিতে আজ ঘাটাল থানায় যান বিজেপি নেতৃত্ব। ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে সহ বিজেপির মন্ডল সভাপতিরা।
জেলা সভাপতি তন্ময়বাবু জানান, আমরা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। যদি দাবি না মানা হয় আমাদের কর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না, তারা রাস্তায় নামবে।

