মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়ালেন ভাটপাড়া ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবীন্দ্র কুমার সিং, বাড়ি বাড়ি লিফলেট বিলি

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ ফেব্রুয়ারি: আগামী ২৭ ফেব্রুয়ারি হবে পৌর সভার নির্বাচন। মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে গত ১২ ফেব্রুয়ারি। তাই মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও, পৌর ভোটের যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ালেন ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবীন্দ্র কুমার সিং। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ভাটপাড়ার বিদায়ী পুর প্রশাসক গোপাল রাউত। মঙ্গলবার বিজেপি প্রার্থী রবীন্দ্র কুমার সিং ২ নং ওয়ার্ডে সমস্ত বাড়ি বাড়ি লিফলেট বিলি করে লড়াইয়ের ময়দান থেকে সরে আসার কথা জানালেন। তার তৈরী লিফলেটে লেখা আছে, ভাটপাড়ায় উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি প্রার্থীপদ বাতিল করছেন। ওয়ার্ডের সকলকে অনুরোধ করছি, তৃণমূল প্রার্থী গোপাল রাউতকে ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়ী করুন।

এদিন বিজেপি প্রার্থী রবীন্দ্র কুমার সিং’য়ের দাবি, তাকে শাসক দলের পক্ষ থেকে কোনও চাপ সৃষ্টি করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিজেপি প্রার্থী বলেন, “বিদায়ী পৌর প্রশাসক গোপাল রাউত পৌর প্রশাসক হওয়ার পর ভাটপাড়ায় অনেক উন্নয়ন করেছেন। আর আমি যে কাজ গুলো জয়ী হলে করবো ভেবেছিলাম সেগুলো গোপাল রাউত প্রশাসক থাকা কালীন শুরু করে দিয়েছেন। আর আমি তাই আমার বাড়ির লোকের সাথে এই বিষয়ে কথা বলে ঠিক করলাম যে উন্নয়নের ধারা বজায় রাখতে গোপাল রাউতকে জয়ী করা ভালো। আর আমি ওনার উন্নয়নের কাজে ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজ করতে চাই। তাই আমি আর ভোটে লড়তে চাইছি না। তবে সবাই বলছে যে তৃণমূল আমাকে ভয় দেখিয়ে এটা করাচ্ছে। কিন্তু এটা ভুল কথা। আমাকে কেউ কোনো হুমকি বা ভয় দেখাইনি।”

এদিন এই গোটা ঘটনা শোনার পর তৃণমূল প্রার্থী গোপাল রাউত বলেন, “আমি বিজেপি প্রার্থী রবীন্দ্র কুমার সিং’কে ধন্যবাদ দেবো উনি আমার ওয়ার্ডে আমার হয়ে প্রচার করছেন। আসলে এখানে অর্জুন সিং জোর করে যাকে তাকে বিজেপির টিকিট দিয়েছিল। আর বিজেপির সব কাজ নীতি মানুষ বুঝে গেছে। তাই বিজেপিতে কেউ দাঁড়াতে চাইছে না। আর আমি কাউকে কোনো চাপ দিইনি। হুমকি বা চাপ দিলে শুধু বিজেপিকে এমন করবো কেনো। আর বাকি যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের সবাইকে করবো তো। আমার এই বিষয়ে কারোর সাথে কোনো কথাই হয়নি। ভোটে লড়াই না করার সিদ্ধান্তের কথা আমি সংবাদ মাধ্যমের থেকে পেলাম।” তবে এই ঘটনায় ভাটপাড়া পৌরসভা যেটা অর্জুন সিংয়ের খাস তালুক সেখানে বিজেপির দাপট অনেকটাই কমে এসেছে এটাই আরো একবার প্রমাণ করছে বলেই রাজনৈতিক মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *