সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ মে: বাঁকুড়ায় শ্রদ্ধার সাথে পালিত হল স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিবস।এই উপলক্ষ্যে জেলা হিন্দু মহাসভার উদ্যোগে আজ সারাদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর সাভারকর সরনিস্থ রানীগঞ্জ মোড়ে বীরের ব্রোঞ্জ মূর্তির আজ সকালে গৈরিক ধ্বজা উত্তোলন ও মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক নিলাদ্রী দানা, হিন্দু মহাসভার সম্পাদক সুশান্ত নন্দী, হিন্দু বাণী পত্রিকার সম্পাদক সোমনাথ বরাট সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বিকালে আত্মরক্ষা মূলক লাঠি ও ক্রীড়া প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মহতী সভা। হিন্দু মহাসভার জেলা সভাপতি সূর্য রতন গনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শিক্ষাবিদ সমীর দাস, সাংবাদিক ও হিন্দু বাণী পত্রিকার সম্পাদক সোমনাথ বরাট, বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল প্রমুখ বীর সাভারকরের জীবনী, স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা, ১৮৫৭ সালে বৃটিশের বিরুদ্ধে স্বাধীনতাকামী সিপাহীদের আন্দোলন যাকে সিপাহী বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়, সেটা যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্ৰাম যা তিনি গ্ৰন্হাকারে প্রকাশ করেন। যে পুস্তক বৃটিশ বাজেয়াপ্ত করে, লন্ডন থেকে ভারতে বিচারের জন্য নিয়ে আসার সময় সমুদ্রে ঝাপ দিয়ে ফরাসী উপকূলে পৌছানোর মত লোমহর্ষক কাহিনী, একই জীবনে দুটি যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি ঘটনা তুলে ধরেন। সভায় পঞ্চম শ্রেণি থেকেই ইতিহাসের পাঠ্যে সাভারকরের জীবনী পড়ানোর দাবি জানানো হয়।


