বাইরন বিশ্বাস তৃণমূলেই আছেন, বিস্ফোরক দাবি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, ১৩ মার্চ: বিস্ফোরক দাবি করেছেন বিধানসভার অধ্যক্ষ। সাম্প্রতিক সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। কংগ্রেস বিধায়ক সম্পর্কে আলোচনায় বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, জয়ী প্রার্থী বাইরন বিশ্বাস নিজেই তাকে জানিয়েছেন যে তিনি তৃণমূলেরই।

বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জানিয়েছেন তিনি তৃণমূলেরই। তাঁর আরও দাবি, বাইরন বিশ্বাস তাকে নিজেই একথা জানিয়েছেন।

সাগরদিঘিতে হারের পরেই জল্পনা শুরু হয় সংখ্যালঘু ভোট কি সরে যাচ্ছে তৃণমূলের দিক থেকে? এমনটাই দাবি করা হয়েছে বিজেপি, বাম, কংগ্রেস সমস্ত বিরোধীদের তরফেই। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ওটা একটা বিক্ষিপ্ত ঘটনা ছিল। ওদের যে বিধায়ক তিনি আমার সঙ্গে বিধানসভায় নিজেই স্বীকার করেছেন যে, আমি তো তৃণমূল তৃণমূলের ভোটেই আমি জিতেছি। সুতরাং যারা ভোট দিয়েছেন তারা সবাই তৃণমূলের সমর্থক। আমাদের প্রার্থী নির্বাচনে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, যার জন্য তৃণমূলের ভোট ওই দিকে চলে গিয়েছে। তিনি কি করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তিনি মুখে বলেছেন তিনি তৃণমূলের লোক।”

সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পর শনিবার প্রথম বিধানসভায় আসেন বাইরন বিশ্বাস। বাম কংগ্রেস জোটের প্রতিনিধি হিসেবে বিধানসভা এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে কিছুক্ষণ আলোচনার পর তিনি বেরিয়ে আসেন। বাইরন বিশ্বাসকে সঙ্গে করে বিধানসভায় আসেন প্রদেশ কংগ্রেসের দুই নেতা। প্রাক্তন বিধায়ক অসিত মিত্র ও নেপাল মাহাতো ছিলেন তার সঙ্গে। স্বাধীনতার পর প্রথম একুশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস শূন্য হয়ে যায় বিধানসভা। বাইরনের জলের ফলে আগামী পাঁচ বছর আর কংগ্রেস শূন্য থাকছে না বিধানসভা।

আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকিও বাম কংগ্রেসের সঙ্গে জোট করেই বিধানসভায় এসেছেন। শুধু সিপিএমেরই কোনো প্রার্থী এখনো বিধানসভায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *