দেশে প্রথম! হিন্দু ধর্ম পড়ানো হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে

আমাদের ভারত, ২০ জানুয়ারি:এবার থেকে হিন্দু ধর্ম পড়ানো হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের বিষয়বস্তু হিসেবেই পড়ানো হবে হিন্দু ধর্ম এবং দেওয়া হবে আলাদা ডিগ্রিও। দেশের মধ্যে এই প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে এই পাঠক্রম চালু করা হলো বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশেষ এই ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘ভারত অধ্যয়ন’ কেন্দ্রে হিন্দু ধর্ম নিয়ে প্রতিদিন ক্লাস হবে। সেখানে হিন্দুধর্মের নানা বিষয় সম্পর্কে পড়ানো হবে। অধ্যাপক সদাশিব কুমার জানান দুই বছরের এই স্নাতকোত্তর কোর্সের জন্য ইতিমধ্যেই ৪৫ জন ছাত্র-ছাত্রী আবেদন জানিয়েছেন। পড়ুয়াদের মধ্যে একাধিক বিদেশি ছাত্র-ছাত্রীও রয়েছেন। দুবছরে চারটি সেমিস্টার হবে। এই বিষয়টিতে ষোলটি পেপার রয়েছে। যাতে হিন্দু ধর্মের আচার রীতিনীতি মন্ত্রের মাহাত্ম্যের মতো বিষয় থাকবে।

১০০ বছরেরও বেশি সময় ধরে হিন্দু ধর্ম নিয়ে ডিগ্রি কোর্স চালু করার দাবি উঠেছে। বেশকিছুদিন ধরেই কোর্স চালু করার পরিকল্পনা ছিল, যা বাস্তবায়িত হলো বলে জানিয়েছেন অধ্যাপক সাদাশিব কুমার।

এই ডিগ্রী কোর্সটি আনুষ্ঠানিক ভাবে শুরু করেন অধ্যাপক ভি কে শুক্লা। তিনি জানিয়েছেন এটি একটি আন্তঃবিভাগীয় প্রোগ্রাম যা ২০২০-র নতুন এডুকেশন পলিসির আওতায় শুরু করা হয়েছে। হিন্দুধর্মকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা অনেকদিনের তা নিয়ে নানাভাবে চেষ্টা করা হচ্ছিল। সেই চেষ্টার ফল এতদিনে পাওয়া গেল। এই বিষয়টির মধ্যে অনেক অবাক করার মত তথ্য রয়েছে বলেও মনে করেন তিনি।

অন্যদিকে অধ্যাপক অমলেশ ত্রিপাঠী জানান, হিন্দু ধর্মের মন্ত্র, আচার রীতিনীতির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে যেমন যুক্তি রয়েছে তেমন বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এই ধর্মের মধ্যেই সমষ্টিবদ্ধ ভাবে থাকার দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দাবি তার। হিন্দু ধর্মের গভীরে নিহিত থাকা স্বত্ত্বা তুলে ধরাই এই কোর্সের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *