অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১২ জুলাই:
অক্ষর শুদ্ধ বানান ও ভাষাচর্চা ফেসবুক গ্রুপে ‘বানানের টিপস্’-এ স্বপন ভট্টাচার্য লিখেছেন “দরিদ্র শব্দটা বিশেষণ। এই শব্দের সঙ্গে ষ্ণ্য (য) অথবা ‘তা’ যোগ করে একে বিশেষ্য শব্দে পরিণত করা হয়। যেমন: দরিদ্র+য = দারিদ্র্য, দরিদ্র+তা = দরিদ্রতা। আমরা অনেক সময়ই ভুল করে এই দুটি প্রত্যয়ই একই সঙ্গে লাগিয়ে দিই, লিখে ফেলি ‘দারিদ্র্যতা’।
এই শব্দের কিন্তু কোনও অর্থ নেই। আমাদের মনে রাখতে হবে কোনও শব্দে একই অর্থে দুটো প্রত্যয় লাগানো যায় না। আমরা হয় লিখব ‘দারিদ্র্য’ অথবা লিখব ‘দরিদ্রতা’। ঠিক সেভাবেই স্বাতন্ত্র্য বা স্বতন্ত্রতা, সারল্য বা সরলতা, দৌর্বল্য বা দুর্বলতা, ঔদার্য বা উদারতা, বৈশিষ্ট্য বা বিশিষ্টতা, নৈপুণ্য বা নিপুণতা ইত্যাদি শব্দ লিখলে যে কোনও একটা লিখব।
আর একটা কথা, অনেকে হয়তো প্রশ্ন করবেন স্বতন্ত্র থেকে স্বাতন্ত্র্য বা সরল থেকে সারল্য হচ্ছে কেন? অর্থাৎ একটা বাড়তি আ-কার আসছে কেন? অথচ স্বতন্ত্রতা বা সরলতা শব্দে তো গোড়ার স্বরের কোনও পরিবর্তন হচ্ছে না। একে বলে স্বরের বৃদ্ধি। কোনও কোনও প্রত্যয় যুক্ত হলে গোড়ার স্বরের বৃদ্ধি হয়।“
***

