নতুন সংসদ ভবনের ছাদে ৬.৫ মিটার দীর্ঘ জাতীয় প্রতীক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ১১ জুলাই:
সোমবার নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী নয়া সংসদ ভবনে পুজোতেও বসেন। নতুন সংসদ ভবনের কাজে নিযুক্ত কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এরপর টুইট করেন প্রধানমন্ত্রী লেখেন, “আজ সকালে নতুন সংসদ ভবনের ছাদে স্থাপিত জাতীয় প্রতীক উন্মোচন করার সুযোগ পেলাম।” তিনি লিখেছেন, “সংসদ নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমজীবীদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাদের প্রচেষ্টার জন্য আমরা গর্বিত এবং আমাদের দেশের প্রতি তাদের অবদান মনে রাখব।”

জানা গেছে, ব্রোঞ্জের তৈরি এই জাতীয় প্রতীক অশোক স্তম্ভের ওজন ৯৫০০কেজি এবং ৬.৫ মিটার লম্বা। নতুন সংসদ ভবনের একেবারে শীর্ষে এটিকে স্থাপন করা হয়েছে। প্রতীকটিকে সাপোর্ট দেওয়ার জন্য ৬৫০০কেজির একটি স্টিলের কাঠামো গঠিত হয়েছে। আটটি ধাপে এই প্রতীক তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ক্লে মডেলিং, কম্পিউটার গ্রাফিক্স ও পলিশিং-এর মধ্যে দিয়ে গোটা প্রক্রিয়া বাস্তবায়িত হয়েছে।

২০২১ সালের জানুয়ারিতে নয়া সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হয়। এই ভবন নির্মাণে মোট খরচ হয়েছে ৯৬১কোটি টাকা। মনে করা হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশনের আগেই এই নতুন ভবনের কাজ শেষ হয়ে যাবে। নতুন সংসদ ভবনের লোকসভার কক্ষে ৮৮৮ জন সদস্য ও রাজ্যসভায় ৩৮৪ জন সদস্য বসতে পারবেন। দুই কক্ষের যৌথ অধিবেশনে ১২৭২ জন সদস্য বসতে পারার মতো বন্দোবস্ত করা হবে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *