আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ জুলাই:
জনবহুল এলাকায় প্রকাশ্যে মাদক ও মদের আসর চলছিল। গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ছিল চারিদিকে। আর সেখান থেকে গ্রেফতার দুই যুবতী ও দুই যুবক। সোমবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটে জলপাইগুড়ি’র জুবলি পার্ক সংলগ্ন তিস্তা পাড়ে। জেলা পুলিশের ‘উইনার্স টিম’ এর মহিলা পুলিশরা চারজনকে গ্রেফতার করল। ধৃতরা সকলে শিক্ষিত। তাদের মধ্যে একজন আইনজীবী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ দিন তিস্তা নিদীর পাড়ে গাঁজা ও মদের আসর জমিয়ে বসেছিল দুই যুবক ও দুই যুবতী। এলাকায় গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ে। সেই সময় জেলা পুলিশের ‘উইনার্স টিম’ মহিলা পুলিশরা এলাকায় টহল দিচ্ছিলেন। পুলিশ সামনে যেতে লক্ষ্য করেন গাঁজার সঙ্গে মদপান করছে চারজন। পুলিশ সর্তক করলে নেশাগ্রস্ত অবস্থায় পাল্টা হুমকি ও অভব্য আচরণ করেন দুই যুবতী ও দুই যুবক। এরপরেই চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের পরিচয় শুনে পুলিশের অফিসাররা হতবাক হয়ে যান। ধৃতদের মধ্যে একজন নর্থবেঙ্গল ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানের পড়ুয়া, বয়স ২৩ বছর। তাঁর বাড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। অন্যজন ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস পাড়ার বাসিন্দা, সে এসি কলেজের বিএ পাস কোর্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আরেকজন মার্চেন্ট রোডের বাসিন্দা, সদর কোর্টের আইনজীবী ও আরেকজন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “চারজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

