বাবর আসার আগে ভারতবর্ষে সবাই হিন্দু ছিল, দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

আমাদের ভারত, ২ ডিসেম্বর: ভারত হিন্দু প্রধান দেশ। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা এদেশে চলে আসতে পারেন। বাইরের যেসব দেশে হিন্দুরা অসুবিধায় পড়েছেন তাদের এভাবেই স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে তাঁর দাবি ভারতবর্ষে মুঘল বাদশা বাবর আসার আগে পর্যন্ত এখানে সকলেই হিন্দু ছিলেন। অর্থাৎ এর আগে ভারতে অন্য ধর্মের মানুষ থাকতেন না।

বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সিএএ নিয়ে আলোচনার সময় হিমন্ত বিশ্বশর্মা বলেন, “ভারত হিন্দু প্রধান দেশ। বিশ্বের যে কোনো দেশে থাকা হিন্দুরা কোনো রকম অসুবিধায় পড়লে এখানে তাদের সকলকে স্বাগত। সমস্ত হিন্দুদের দেশ এই ভারতবর্ষে।” তিনি আরও বলেন, বাবর আসার আগে এখানে সকলেই হিন্দু ছিলেন”।

নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে হিমন্ত বলেন, “আজকাল কেউ যদি মন্দির তৈরি বা সংস্কার করতে চায় তাহলে তাকে সাম্প্রদায়িক বলে দেওয়া হয়। কিন্তু এটা ঠিক নয়। আমি একজন হিন্দু। আর হিন্দু হিসেবেই আমি যে কোনো ধর্মনিরপেক্ষ মানুষের চেয়েও অনেক বেশি ধর্মনিরপেক্ষ।”

কয়েকদিন আগেই হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, হিন্দুত্বই হলো প্রকৃত ধর্ম। পৃথিবীর বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ধর্মের মানুষই হিন্দুদের উত্তরসূরী। পাঁচ হাজার বছর আগে হিন্দুত্বের সূচনা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, একজন খ্রিষ্টান বা একজন মুসলিম আসলে এক সময়ের হিন্দুদের বংশধর। তাই হিন্দুত্বের কোনও শেষ নেই। যুগ যুগ ধরে চলে আসছে হিন্দুত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *