ঘর ওয়াপসি! ‘তৃণমূলেই আছি’, হাসি নিয়ে ফিরলেন সুনীল

রাজেন রায়, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: ময়দানে নতুন মৌসুম শুরুর আগে বিভিন্ন দলের খেলোয়াড়কে এই দল ওই দল বদলাতে দেখা গিয়েছে বারবারই। কিন্তু বিধানসভা ভোট মিটতে রাজনীতির ময়দানে যে, এভাবে একই ঘটনা ঘটতে পারে, সে সম্বন্ধে ধারণা ছিল না অনেকেরই। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গেই মেদিনীপুরের কলেজ মাঠে পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছিলেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। আর এইবার উল্টো স্রোতে গা ভাসিয়ে ফিরে এলেন তিনি তৃণমূলে।

তাঁর দাবি, তিনি সবসময় তৃণমূলেই ছিলেন। তাই নতুন করে ঘাসফুলে ফেরার কিছু নেই। সুনীলবাবু যাই বলুন না কেন। শনিবার বাবুলের পর সুনীলের রূপে আনুষ্ঠানিকভাবে যে বিজেপি ফের ধাক্কা খেল, সেটা বলার অপেক্ষা রাখে না।

রবিবার বিকেলে শহরের একটি অভিজাত হোটেলে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় সাংবাদিক বৈঠক করতে আসবেন, সেই নিয়েই প্রস্তুতি চলছিল সাংবাদিকদের। কিন্তু হঠাৎই চমক। হোটেলের লবিতে আচমকা দেখা মেলে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের। সেই সুনীল মণ্ডল, যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সুনীলবাবু বিজেপিতে যোগ দিলেও পদ্মশিবিরের হয়ে কখনই তিনি সক্রিয় ভূমিকা নেননি। বিজেপির কোনও সভা, মঞ্চ বা অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। কার্যত সেই ক্ষোভই তাকে ফিরিয়ে আনল পুরনো দলে? সুনীল জবাব দেন, “আমি তো তৃণমূলেই আছি। যোগদান করার কোনও প্রশ্ন নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *