রাজেন রায়, কলকাতা, ১৩ জুলাই: মুকুল রায়ের পরে এবার কি বিদ্রোহের পথে বাবুল সুপ্রিয়? কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বাগবিতন্ডা এখন প্রকাশ্যে। এবার মুকুল রায় এবং তৃণমূলের টুইটার পেজে ফলো করে যেন অন্য ইঙ্গিত দিলেন বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর মন্ত্রীত্ব হারানোর পর সমবেদনা ছিল তুখোড় রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি প্রশ্ন তোলেন, ‘আজ বাবুল-দেবশ্রীরা খারাপ হয়ে গেল’? আর এবার লক্ষ্য করা গেল ট্যুইটারে মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসকে ফলো করা শুরু করলেন বাবুল সুপ্রিয়। যদিও এই বিষয় এখনও পর্যন্ত মুখ খোলেননি বাবুল সুপ্রিয়।
প্রসঙ্গত, গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদলের আগেই জানা যায় বাংলা থেকে চারজন নতুন মুখ কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন। অন্যদিকে জানা যায়, মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। একইসঙ্গে সব মিলিয়ে পুরনো ১২ জনকে ছেঁটে ফেলা হয় মোদী মন্ত্রিসভা থেকে। আর পদত্যাগ করার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দেবার পাশাপাশি বাবুল সুপ্রিয় জানান, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে। আর বাবুল সুপ্রিয়র এই পোস্টের পরই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কড়া মন্তব্য, ১২ জনকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরও একটি পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, ‘আমি বুদ্ধিজীবীদের মতো সুবিধাবাদী নই। আমি রীতিমতো বিজেপি-র পতাকা নিয়ে রাজনীতি করছি।’ আর এবার তৃণমূল ও মুকুল রায়কে ট্যুইটারে ফলো করায় বাবুল সুপ্রিয়কে নিয়ে আবারও নতুন জল্পনা।

