অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ আগস্ট: টিউশন পড়তে যাওয়ার সময় দিনে দুপুরে দুই কিশোরীকে অপহরণের চেষ্টা। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত দুই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানাগেছে, সাঁকরাইল ব্লকের নিশ্চিন্তা গ্রামের দুই কিশোরী বাড়ি থেকে জুটিয়া গ্রামে টিউশন পড়তে যাচ্ছিল। নিশ্চিন্তা গ্রাম থেকে জুটিয়া গ্রামের দূরত্ব সাড়ে তিন কিলোমিটারের মত। সেই রাস্তার মাঝে অনেকটা জঙ্গল এবং কাজুবাগান পড়ে। এলাকাটা নির্জন। আর সেই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা। প্রতিদিনের মতই কাকলি ও হরিপ্রিয়া মাহাতো গল্প করতে করতে যাচ্ছিল। সেই সময় হঠাৎ কেউ বা কারা
দুই ছাত্রীকে পেছন থেকে আঘাত করে। শক্ত কিছুর আঘাতে কাকলি মাহাতর হাতে এবং হরিপ্রিয়া মাহাতর মাথায় গুরুতর চোট লাগে। যন্ত্রণায় তারা চিৎকার শুরু করে। যেখানে দুষ্কৃতীরা তাদের আক্রমণ করেছিল সেটা তাদের টিউশন স্থলের কাছেই। ফলে তাদের চিৎকারে বাকি ছাত্র ছাত্রী ও শিক্ষকরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
আহত দুই ছাত্রীকে সাকরাইলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। কাকলি ও হরিপ্রিয়ার পরিবার সদস্যরা সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।
কাকলি জানায়, তারা রোজই দুই বান্ধবী গল্প করতে করতে টিউশন পড়তে আসে। আজ হঠাৎ করেই পেছন থেকে তাদের উপর এভাবে হামলা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

