রাজেন রায়, কলকাতা, ৩১ মার্চ: নিজেকে বরাবর বাঘিনীর সঙ্গে তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। “আমি রয়্যাল বেঙ্গল টাইগার” সোমবারই নন্দীগ্রাম থেকে এভাবেই গর্জে উঠেছিলেন তিনি। আর ঠিক তার পরের দিনই প্রকাশ্যে এল ফাইটার দিদির তৃতীয় পর্বের ভিডিও। যেখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চড়া ‘দিদি’কে দেখা গেল। এর আগে প্রকাশিত হয়েছিল দুটি পর্বের ভিডিও।
তৃণমূলের ‘বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে’ শীর্ষক খেলা হবে গানটি ইতিমধ্যে বিশাল জনপ্রিয়।
এবার প্রকাশ্যে তৃণমূলের তরফে তৃতীয় ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘বর্গি’দের বাংলা থেকে দূর করতে গর্জে উঠবেন রয়্যাল বেঙ্গল টাইগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্মথকরা তাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেন। তবে এখানে আরো এক ধাপ এগিয়ে তাঁকে বাঘের দেবতা বন বিবির সঙ্গে তুলনা করা হয়েছে। দেখা যাচ্ছে বনবিবিরূপী মমতার নির্দেশে বাঘ ঝাপিয়ে পড়ছে অত্যাচারীদের ওপর। ভিডিও শেষ পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বনবিবির মতই বসে রয়েছেন বাঘের পিঠে।
বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা-নেত্রীরা বারবার অভিযোগ তুলেছেন, এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। প্রতিনিয়ত নানা বিপদের সম্মুখীন হতে হয় তাঁকে। ‘ফাইটার দিদি’র নতুন ভিডিওতে সেই অভিযোগ উড়িয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বনবিবির মতো আগলে রেখেছেন নিজের রাজ্যের মহিলাদের। তৃণমূল লিখেছে, এ রাজ্যকে তিনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিংবা গুজরাট হতে দেবেন না। বর্গি আর বহিরাগত বিজেপি নেতাদের হাত থেকে বাংলাকে রক্ষা করবেন এভাবেই। এই বনবিবি রূপী ভিডিও প্রকাশ্যে এল সুন্দরবন এলাকায় ভোটের মুখে।
দেখুন ভিডিও

