আমাদের ভারত, নরেন্দ্রপুরে, ৩১ মার্চ: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল। মঙ্গলবার রাতে কামালগাজি এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ১৫৫ কেজি গাঁজা। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মহম্মদ মোবারক হোসেন ও মহম্মদ সাহিদ। ওড়িশা থেকে এই গাঁজা আনা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
নির্বাচনের কাজে যখন পুলিশ ও প্রশাসনের সমস্ত আধিকারিকরা ব্যস্ত, সেই সুযোগকে কাজে লাগিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী। মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের কাছে গোপন সুত্র মারফত খবর আসে যে ওড়িশা থেকে প্রচুর গাঁজা দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছে। সেই খবর পেয়েই নরেন্দ্রপুর থানার পুলিশকে সাথে নিয়ে ইএম বাইপাসের কাছে সাদা পোষাকে নজরদারি শুরু করে পুলিশ। অবশেষে একটা ধাবার কাছে একটি পিক আপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের। সেই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় এই বিপুল পরিমান গাঁজা। প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে ধৃতরা দুজনেই বিহারের বাসিন্দা। তবে এই গাঁজা পাচারের ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের আগে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার নিঃসন্দেহে বারুইপুর পুলিশ জেলার বড়সড় একটি সাফল্য বলে মনে করছেন পুলিশ কর্তারা।

