অনুব্রতকে দেশেই থাকতে হবে এবং গ্রেফতার হবেন: দিলীপ ঘোষ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ এপ্রিল: অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবেন। উনি দেশ ছেড়ে তো চলে যেতে পারবেন না। আজ হোক কাল হোক সিবিআইয়ের কাছে তাকে যেতে হবে বলে রবিবার সকালে খড়্গপুর রেল স্টেশনে এক চা চক্রে যোগ দিয়ে একথা বলেন বিজেপি রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, এর আগেও কয়েকজন ভুবনেশ্বরে গিয়েছিলেন এবং যাওয়ার আগে অনেক নাটক করেছিলেন, কিন্তু সেখানকার ভাত খেয়ে আসতে হয়েছিল। অনুব্রত মণ্ডল যদি কোনও অন্যায় না করে থাকেন তাহলে সিবিআই দপ্তরে গিয়ে দেখা করে কথা বলে আসা উচিত। আর যদি গন্ডগোল করে থাকেন তাহলে যতই অজুহাত দেখাক না কেন একদিন না একদিন ভুবনেশ্বরে যেতেই হবে। 

জঙ্গলমহলে ফের মাওবাদী উত্থান প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, মাওবাদী বলে কোথাও কিছু নেই। মাওবাদী তৎপরতা প্রমাণ করতে এ সব নাটক করা হচ্ছে। জঙ্গলমহলে মাওবাদীরা নেই, সবই ঠান্ডা নাটক। মাওবাদী এলাকার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে টাকা বরাদ্দ থাকে তা পাওয়ার জন্য মাওবাদী আতঙ্কের ধুঁয়া তোলা হচ্ছে বলে মন্তব্য করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *