Dilip Ghosh, BJP, সংসদে প্রশ্ন ফাঁস বিরোধী বিল, প্রয়োজনে রাজ্যেও আলাদা করে তৈরি হবে কড়া আইন, বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, ২৭ জুলাই: জাতীয় স্তরের পরীক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁস এবং কারচুপি রুখতে কড়া পদক্ষেপ করছে কেন্দ্র। প্রয়োজন এই একই ধরনের পদক্ষেপ করতে পারে রাজ্যের নতুন সরকারও, এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস বিরোধী কঠোর আইন পেশ করা হয়েছে সরকারের তরফে। এই বিল পেশ করার পরেই রাজ্য রাজনীতিতে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, কড়া আইন করা হচ্ছে। সংসদে সেই আইন পাস হচ্ছে। প্রয়োজন হলে আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই ধরনের অপরাধ রুখে দিতে আলাদা আইন আনা হবে, যাতে ভবিষ্যতে কেউ দুই নম্বরি করার সাহস না পায়।

সোমবার দুপুরের দিকে বিরোধীদের চরম হৈ- হট্টোগোল ও শ্লোগানের মাঝে লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেডমেন্ট বিল ২০২৬ পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এই বিল পেশকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর।

নতুন এই আইনি প্রস্তাব আনার পরই কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান বিরোধী শিবির। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এই বিলকে পুরোপুরি লোক দেখানো পদক্ষেপ বলে দাবি করেন। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক দুর্বলতা ও নীতিগত সংস্কার সাধনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতা ঢাকতে এই আইনের আশ্রয় নেওয়া হচ্ছে।

সংসদের অন্দরের পাশাপাশি বাইরেও বিক্ষোভ হয়। অধিবেশন মুলতবি থাকাকালীন সংসদ চত্বরে একজোট হয়ে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

সব মিলিয়ে প্রশ্ন ফাঁস, নিট কেলেঙ্কারিকে হাতিয়ার করে একদিকে যেমন বিরোধীরা কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছে, তেমনই দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিচ্ছে, রাজ্য ভিত্তিক নয়া আইন তৈরির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *