আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ জুন: পুরো ভাড়া পরিশোধ করতে না পারায় অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলার অভিযোগ। আর সেই কারণেই হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জিৎ মণ্ডল (২২) বনগাঁর জয় পুরের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। ক্ষুব্ধ পরিবারের সদস্য ও আত্মীয়রা হাসপাতালের অ্যাম্বুলেন্স বিভাগের সামনে বিক্ষোভে সামিল হন। ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইক দুর্ঘটনায় ওই যুবক বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন বলে দাবি পরিবারের। এরপর রোগীকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগ, নির্ধারিত ভাড়ার পুরো টাকা সঙ্গে না থাকায় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ রোগীকে নিয়ে যেতে অস্বীকার করে। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা অ্যাম্বুলেন্স চালক ও কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন রোগীকে আগে নিয়ে যেতে, পরে বাকি টাকা মিটিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত হাসপাতালেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত যুবকের পরিবারের সদস্যরা। হাসপাতালের অ্যাম্বুলেন্স বিভাগের সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা অভিযোগ করেন, অর্থের অভাবে একজন রোগীকে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের প্রশ্ন, মানবিকতার খাতিরে একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া কি অ্যাম্বুলেন্স পরিষেবার কর্তব্য নয়? ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, বনগাঁ হাসপাতালের বেশির ভাগ অ্যাম্বুলেন্স অবৈধ ভাবে চলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

