আমাদের ভারত, হাওড়া, ৪ ডিসেম্বর: বাস সুমোর মুখোমুখি সংঘর্ষে একটি ৬ মাসের শিশু সহ আহত হল ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার আমতা রানিহাটি রোডে আমতার চাখানায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানাগেছে, শনিবার সকালে জয়পুরের ঝিকিরা থেকে ৬ জন একটি টাটা সুমো করে মানিকপীরের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, বেলা ১২ টা ৩০ নাগাদ মানিকপীরের কাছে উল্টো দিক থেকে আসা সাঁকরাইল আমতা রুটের একটি বাসের সঙ্গে টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সুমোটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির মধ্যে আটকে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় বাসিন্দারা শাবল দিয়ে গাড়ির দরজা ভেঙ্গে আহত যাত্রীদের উদ্ধার করে।
অন্যদিকে দুর্ঘটনায় বাসের ৯ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ও ৮ জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শনিবার সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ায় এই দুর্ঘটনা। পুলিশ বাস ও সুমোটিকে আটক করেছে।

