রায়গঞ্জে ভোটারদের ব্যাপক মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল: এবার ভোটারদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রামপঞ্চায়েতের লহুজগ্রাম এলাকায় ৩৫/২৪ নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনীর মারধরের হাত থেকে বাদ যায়নি মহিলা ও শিশুরাও বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী ভাঙ্গচুর করেছে ভোটকেন্দ্রের বেশ কিছুটা দূরে থাকা তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী কার্যালয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছোয় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর এই আচমকা আক্রমণে ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা।

সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল রায়গঞ্জ বিধানসভার লহুজগ্রাম ৩৫/২৪ নম্বর বুথে। বুথের ১০০ মিটার দূরেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভোটার ও দলীয় কর্মীদের ভিড় জমেছিল। দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা সেখান থেকে গ্রামবাসীদের সরে যেতে বললেও তারা যায়নি। এরপরই কেন্দ্রীয় বাহিনী এসে ব্যাপক লাঠিচার্জ করে। ভাঙ্গচুর করা হয় তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারধরে গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা আহত হন। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর রোষ থেকে বাদ যায়নি মহিলারাও। এই ঘটনাকে কেন্দ্র করে লহুজগ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকার ভোটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *