স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ মে: এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া গ্রামের ঘটনা।

জানা গেছে, বছর দেড়েক আগে প্রেম করে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের কিছুদিন পর থেকেই প্রায়শই সংসারে অশান্তি লেগে থাকত। গৃহবধূর পিতা তারক দাস জানান, পণের টাকার দাবিতে মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত তার স্বামী ও পরিবার। গতকাল অর্থাৎ বুধবার পরিবারের সকলে মিলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। সব ঠিকঠাক থাকলেও বাড়ি ফিরে আসার পরেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। পরবর্তীতে তা হাতাহাতিতে রূপ নেয়। এরপরেই ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি স্বামী ও পরিবারের লোকজন জাগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনার পর ওই গৃহবধূর পরিবার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্বামী ও শ্বশুরকে আটক করেছে হরিণঘাটা থানার পুলিশ। ওই গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।

