করোনা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ, নার্সিংহোমে অভিযান জেলা প্রশাসনের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: ঘাটালের একটি নার্সিংহোমে করোনা চিকিৎসার নামে রোগীদের প্রতারণা করার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, মহকুমা সহকারি মুখ্যস্বাস্থ্য আধিকারীক ডা: দুর্গাপদ রাউতের নেতৃত্বে ঘাটাল শহরের ওই নার্সিংহোমে অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত নার্সিংহোমের বিরুদ্ধে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। 

অভিযোগ, অসুস্থ একজনকে করোনা রোগী বলে চিকিৎসা করে মোটা অঙ্কের টাকার বিল ধরানোর অভিযোগ উঠেছিল ওই নার্সিংহোমের বিরুদ্ধে।
অভিযান চালানোর সময় ওই নার্সিংহোম কর্তৃপক্ষ প্রশাসনিক আধিকারিকদের রোগীর করোনা পজিটিভ রিপোর্ট দেখাতে পারেনি। এছাড়াও অভিযানের সময় ওই নার্সিং হোমে কোনও চিকিৎসক এবং নার্স ছিল না। তিন জন নন টেকনিক্যাল যুবক যুবতী রোগী পরিষেবার দায়িত্বে ছিলেন। প্রশাসনিক আধিকারিকরা ওই নার্সিংহোম থেকে বেশ কিছু নথি আটক করেছেন। নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে  বলে জেলা শাসক ডঃ রশ্মি কোমল জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *