স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ এপ্রিল: আগ্নেয়াস্ত্র নিয়ে কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অস্ত্র সহ আটক তিন যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশ নাগাদ। নদিয়ার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা কৃষ্ণ কালিতলা মোড় এলাকায়। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, তাদের তিন জন কর্মীকে তৃণমূলই মারধর করেছে তারপর তাদের নামে মিথ্যা অভিযোগ এনেছে।
জানা গেছে, এই দিন রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের উপর অতর্কিতভাবে হামলা করে কয়েকজন যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে ধস্তাধস্তি শুরু হয় উভয় পক্ষের মধ্যে। সেই সময় গোষ্ঠবাবুর সঙ্গী-সাথীরা তিনজন যুবককে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।
এরপর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি বাইক সহ তিন যুবককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ। প্রত্যেকেই সক্রিয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে সামরিক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
বিজেপি রাজ্য সহ-সভাপতি জগন্নাথ সরকার ঘটনা অস্বীকার করেছেন। তিনি পাল্টা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন নবদ্বীপে বিজেপির কিষান মোর্চার সহ-সভাপতিকে মারধর করা হয়েছিল, তিনি আহত হয়েছেন। তাঁকে বিজেপির তিন কর্মী দেখতে গিয়েছিলেন। ফেরার সময় তৃণমূল তাদের মারধর করে থানায় নিয়ে গিয়ে উল্টো অভিযোগ দিয়েছে।

