খেজুরিতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: খেজুরিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পদযাত্রা ঘিরে ব্যাপক উত্তেজনা। পথযাত্রায় হামলা চালানো ও মারধর করার এবং দুই বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

  

অপহৃতদের মধ্যে বিধায়ক শান্তনু প্রামাণিকের ভাইকে অপহরণের অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একাধিক জায়গায় পথ অবরোধ করা হয়েছে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছেন বিজেপি কর্মীরা। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

রাজ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বুধবার খেজুরিতে মিছিল করে বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, মিছিল শেষে ধোবা পুকুর এলাকায় হামলা চালায় একদল দুষ্কৃতী। মিছিল শেষে কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, তখন হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, মিছিল শেষে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মীদের মারধর করা হয়, গাড়ি ভাঙ্গচুর করা হয়। প্রায় ৩০ জন বিজেপি কর্মী ও কার্যকর্তার উপর হামলা হয়। 

ঘটনার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলাজুড়ে পথ অবরোধ করেছে বিজেপি। পুলিশ অবরোধ তুলতে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পূর্ব মেদিনীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *