আমাদের ভারত, হুগলী, ১০ জুলাই: চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগে ভাঙ্গচুর হল হাসপাতাল। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ঘটনা। মৃতের নাম লীলা পাসোয়ান (৩৬)।
মৃতের দিদি বীনা হাজরার অভিযোগ, পেটে যন্ত্রণা নিয়ে রিষড়ার বাসিন্দা লীলা দেবী শনিবার রাতে হাসপাতালে দেখাতে যায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না করে ছেড়ে দেয়। এরপর আজ সকালে ফের হাসপাতালে দেখাতে এলে করোনা পরীক্ষার নামে দীর্ঘক্ষণ তাকে ফেলে রাখে। রোগীর আত্মীয়দের চিৎকারে স্বাস্থ্য কর্মীরা তার চিকিৎসা শুরু করলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এরই প্রতিবাদে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙ্গচুর চালায় রোগীর আত্মীয়রা। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

