পড়ুয়াদের খাদ্য সামগ্রী বিতরণে শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পুরুলিয়ার বাঘমুন্ডিতে

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুন: স্কুলে পড়ুয়াদের খাদ্য সামগ্রী বিতরণে শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। তিন মাস ধরে বিতরণ বন্ধ বাঘমুন্ডি থানার কুদলং প্রাথমিক বিদ্যালয়ে। এমনই অভিযোগ অভিভাবকদের। অভিভাবকরা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়ে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর পরামানিক করোনা আবহে শিশুদের শুকনো খাবার বিতরণে করছেন অবহেলা ও বঞ্চনা। অভিভাবকরা বলেন, গত এপ্রিল ও মে মাসের শুকনো খাবার আজও দেননি। এমন কি তার আগে ফেব্রুয়ারি ও মার্চ মাসের খাদ্যদ্রব্য তিনি বিতরণ করেননি। বিষয়টি
ডিআইওএসআই’কে জানানোর পর সহকারি শিক্ষকদের দিয়ে বিতরণ করান তিনি। অভিভাবক স্বপন মন্ডল, মনু মন্ডল প্রমুখরা বলেন, ফেব্রুয়ারি ও মার্চ মাসের চাল, আলু ও ছোলা ছাড়া আর কিছু পাইনি। গত দুই মাস থেকে তাও পাইনি।

এবিষয়ে বাঘমুন্ডি ব্লক ও থানায় লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। এদিকে প্রধান শিক্ষক শেখর পরামানিক জানান, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় সময় মতো বিতরণ করতে পারেননি। আগের সব বিতরণ করা হয়েছে। শুধু গত মাসের বাকি রয়েছে। ব্যক্তিগত বিশেষ অসুবিধা থাকায় বিতরণ করতে পারেননি এবং অবিলম্বে তা বিতরণ করা হবে বলে জানান তিনি।

প্রত্যন্ত এলাকায় ওই স্কুলে শিক্ষক রয়েছেন ৪ জন। ছাত্র-ছাত্রী ১১৩ জন রয়েছে। সিংহ ভাগ পড়ুয়া স্কুলের ওই খাদ্যদ্রব্যের জন্য প্রত্যাশা নিয়ে থাকেন। করোনা আবহে রাজ্য সরকারের যে লক্ষ্য তা এখানে কার্যত ভ্রষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *