১০০ দিনের প্রকল্পে কাজ না হলেও বসানো হয়েছে কাজের ফলক, টাকা আত্মসাতের অভিযোগ রায়গঞ্জের রামপুর গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ আগস্ট: পঞ্চায়েতের ১০০ দিনের প্রকল্পে কাজই হয়নি। অথচ রাতারাতি কাজের ফলক বসিয়ে দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রামপঞ্চায়েতের ভট্টদিঘি গ্রামে। অভিযোগ উঠেছে টাকা আত্মসাতের। এদিকে কাজ হয়েছে তাই নতুন ফলক লাগানোর কথা স্বীকার করেছে রামপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর গ্রামপঞ্চায়েতের ভট্টদিঘি সহ বিভিন্ন গ্রামের উন্নয়নের জন্য ১০০ দিনের প্রকল্পে কাজ করার কথা ছিল পঞ্চায়েত কর্তৃপক্ষের। মাটি খনন, রাস্তা এবং শ্মশান সংস্কারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, মাটি খনন করা হয়নি, হয়নি শ্মশান সংস্কার কিংবা রাস্তা নির্মাণের কাজ। অথচ মঙ্গলবার রাতে আচমকা কাজ না হওয়া প্রকল্পগুলির কাজ সমাপ্তির ফলক লাগিয়ে দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। বাসিন্দারা জানিয়েছেন, একটি টোটোতে দু’জন লোক এসে তিনটি কাজের ফলক লাগিয়ে দিয়ে ক্যামেরায় তার ছবিও তুলে নিয়ে যায়। কিন্তু গ্রামে গিয়ে বাস্তব চিত্রটা দেখা গেল অন্যরকম। শ্মশান সংস্কার কিংবা রাস্তা নির্মাণ বা মাটি খনন কোনও কাজই হয়নি অথচ কাজ সমাপ্তির ফলক বসানো হয়ে গিয়েছে। কাজ না হলেও কাজের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে।

উল্লেখ্য, মাস কয়েক আগেই ৬ নম্বর রামপুর গ্রামপঞ্চায়েত বিজেপির হাত থেকে দখল নেয় তৃণমূল। তারপরেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। দাবি উঠেছে, আগে কাজ সম্পূর্ণ করতে হবে তারপরে কাজের ফলক লাগানো হোক। কাজ সম্পূর্ণ না হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি দিয়েছেন ক্ষুদ্ধ বাসিন্দারা।

যদিও রামপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান গৌতম সরকার জানিয়েছেন, এই পঞ্চায়েত দীর্ঘদিন বিজেপির দখলে ছিল। সেই সময় কোনও কাজই হয়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর অনেক কাজ হয়েছে। কাজ হয়েছে বলেই কিছু ফলক লাগানো হয়েছে। গ্রামে কাজ না হওয়া, গ্রামবাসীদের এই অভিযোগকে অস্বীকার করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *