আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ জানুয়ারি: গোটা রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। ব্যারাকপুর মহকুমাতে করোনার গ্রাফ আকাশ ছুঁচ্ছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক কর্মকর্তাদের কপালে। অপর দিকে করোনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেলকে অনুসরণ করে ব্যারাকপুর মহকুমার করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করছেন প্রশাসনিক কর্মকর্তারা। তাই এমন পরিস্থিতিতে ব্যারাকপুর মহকুমাতে করোনাকে নিয়ন্ত্রনে আনতে নেওয়া হল নতুন কিছু সিদ্ধান্ত।
ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমার প্রশাসনিক কর্মকর্তা, বিধায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল এক ভার্চুয়াল বৈঠক। যাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যারাকপুর মহাকুমার সমস্ত পৌরসভা ও সমস্ত পৌর অঞ্চল। ব্যারাকপুরে প্রত্যেকটি পৌরসভাকে এই নির্দেশ মানতে হবে। তবে এই দুদিন ছাড়া পৌরসভা যদি নিজের সিদ্ধান্তে অন্য কোনো দিন বন্ধ রাখতে চায় তাহলে সেটা তাদের ব্যক্তিগত ভাবে বন্ধ রাখতে পারবে।
শুধু তাই নয় প্রত্যেক নাগরিককে মাস্ক পরতে হবে নইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন এই বৈঠকে ঠিক হয় যাদেরকে রাস্তায় মাস্ক ছাড়া বেরতে দেখা যাবে তাদেরকে সঙ্গে সঙ্গে করোনা টেস্ট করা হবে এবং করোনা পজিটিভ হলে তাকে সঙ্গে সঙ্গে পৌরসভার সেফ হোমে পাঠিয়ে দেওয়া হবে।
এদিনের এই বৈঠক সম্পর্কে বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “ব্যারাকপুরের সমস্ত বিধায়ক, পৌর প্রশাসক, সমস্ত থানার আধিকারিকরা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা একত্রিত হয়েছিলাম ব্যারাকপুর মহকুমার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম যাতে হই তার পথ খুঁজতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সকলে মিলে একসাথে নাগরিকদের নিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। আর তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে থানাগুলি এবার রাস্তায় নামবে। মানুষকে মাস্ক পরতেই হবে এটা বাধ্যতা মূলক করা হবে। কেউ মাস্ক না পরলে সঙ্গে সঙ্গে তাকে আটক করে তার করোনা টেস্ট করা হবে। এবং টেষ্ট পজিটিভ হলে তাকে নিকটবর্তী সেফ হোমে পাঠানো হবে। আর সপ্তাহে দুই দিন বাজার দোকান বন্ধ থাকবে এবং স্যানেটাইজ করা হবে পৌর সভার পক্ষ থেকে। আর করোনা পরীক্ষার জন্য সারা মহকুমাতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হবে যাতে টেস্টের পরিমাণ বাড়ানো যায়।”

এদিনের এই বৈঠকে বিধায়ক পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম সহ উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহাকুমার সমস্ত বিধায়করা, প্রত্যেকটি পৌরসভা পৌর প্রশাসকরা, প্রত্যেকটি থানার উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে এদিনের বৈঠকে যারা আসতে পারেননি তারা ভার্চুয়ালি অংশ নেন। ব্যারাকপুর প্রশাসনিক ভবন থেকে ব্যারাকপুরের কমিশনারেট মনোজ বর্মা ও ব্যারাকপুর মহকুমাশাসক অভ্র অধিকারীও উপস্থিত ছিলেন।

