Suvendu, BJP, তিলজলার ঘটনার পরই অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যজুড়ে বড়সড় অভিযানে নামতে চলেছে পুলিশ প্রশাসন, নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ১৩ মে: মঙ্গলবার দুপুরে তোপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে বিধ্বংস অগ্নিকান্ডের ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তা নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিলজলার ওই অবৈধ চামড়ার কারখানায় অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখতে তিনি একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছিলেন, যারা বুধবার সকাল ১১টার মধ্যেই রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট হাতে পেয়েই মুখ্যমন্ত্রী রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনা রাজ্যে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য এক অশনিসংকেত। এরপরেই অবৈধ নির্মাণ নিয়ে কড়া ব্যবস্থার কথা জানান তিনি।

তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী টালিখোলা মসজিদের কাছে যে চার তলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লেগেছিল, সেখানের কারখানাটি ছিল সম্পূর্ণ অবৈধ। বহুতলটির কোনো অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছিল না। বিপদ মোকাবিলায় কোনো অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবস্থাও রাখা হয়নি। এই চরম গাফিলতির কারণে মঙ্গলবার দুপুরে যখন আগুন লাগে তখন মুহূর্তের মধ্যে এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে কারখানার কর্মীরা শৌচাগারে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি।

উদ্ধারকারীরা তাদের বের করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। বর্তমানে আরো তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে দু’জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অবৈধ কারখানার দুই মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে কেবল গ্রেফতারিতেই থেমে থাকছে না প্রশাসন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, ওই কারখানার বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি সিইএসসির মতো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলোকে তাঁর কড়া নির্দেশ, রাজ্যের যেখানে যেখানে এই ধরনের অবৈধ কারখানা চলছে সেখানে অভ্যন্তরীণ সমীক্ষা করে সেগুলির বিদ্যুৎ সংযোগ কেটে দিতে হবে।

প্রশাসনিক এই শুদ্ধিকরণ অভিযানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, কোনরকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন, চিহ্নিত অবৈধ কারখানা ও কাঠামো গুলি একদিনের মধ্যে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। নিয়ম না মেনে এবং মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে ব্যবসা যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে নজির বিহীন ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটছে নতুন সরকার। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যজুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামতে চলেছে পুলিশ প্রশাসন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *