কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বসিরহাটের বাড়ি ফিরলেন বিজেপি নেতা বাবু মাস্টার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৩ মার্চ:
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু মুখ থেকে ফিরে সুস্থ হয়ে নিজের বসিরহাটের বাড়িতে ফিরলেন বিজেপি নেতা বাবু মাস্টার। আজ বিজেপি সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বসিরহাটে বাড়ি ফিরলেন তিনি। সাংবাদিকদের বললেন, “সংখ্যালঘু সম্প্রদায় তোষণের রাজনীতি চাইছে না, সকলেই বিজেপিকে সমর্থন করছে। আজ সংখ্যা লঘু সম্প্রদায়ের উচ্ছ্বাস সেকথাই প্রমাণ করে।”

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে দলীয় কর্মিসভা থেকে কলকাতা যাওয়ার সময় বাসন্তী হাইওয়েতে তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমা মারা হয় তাঁর গাড়িতে। গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে সুস্থ হয়ে শনিবার বাড়ি ফিরলেন দাপুটে বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। তিনি মাস দুয়েক আগে তৃণমূল ছেড়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরই তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তাঁকে নিরাপত্তা দিয়েছে। আজ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর মডেল বাজার এলাকায় কয়েক হাজার অনুগামীর সঙ্গে ইছামতি নদী পেরিয়ে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন বাবু মাস্টার। বাড়ি ফেরার সময় তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যায় তাঁর কয়েক হাজার অনুগামী। বাড়িতে তাঁকে ফুল মালা দিয়ে স্বাগত জানান বিজেপি কর্মীরা। ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার বলেন, “বসিরহাটে তাকে ঘিরে সংখ্যা লঘু সম্প্রদায়ের যে উচ্ছ্বাস তার স্পষ্ট ইঙ্গিত, সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ তোষণের রাজনীতি চাইছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উন্নয়ন চাইছে, নিজেদের অধিকার সুরক্ষিত করতে চাইছে। তাই এখন সকলেই বিজেপিকে সমর্থন করছে। মোদীজিকে সমর্থন করছে। পরিবর্তন হবেই, জানালেন বাবু মাস্টার।” এদিকে বিজেপি সূত্রের খবর, বসিরহাট উত্তর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে চর্চায় রয়েছে বাবু মাস্টারের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *