আমাদের ভারত, হুগলী, ১১ জুন: বহু প্রতিকূলতাকে হারিয়ে এভারেস্ট জয় করেছেন চন্দননগরের পিয়ালী বসাক। তার দুই দিন পরই আবার জয় করেছেন লোৎসে। শনিবার ঘরে মেয়ে ঘরে ফিরেছে পর্বত জয় করে। এভারেস্ট ও লোৎসে জয়ের পর এদিন বাড়ি ফিরেছেন চন্দননগরের পিয়ালী বসাক। তাঁকে অভিনব ভাবে স্বাগত জানিয়েছেন চন্দননগরবাসী।
উল্লেখ্য, চলতি বছরের ২২ মে এভারেস্ট জয় করেছিলেন পিয়ালী বসাক। চন্দননগর পুরনিগমের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দীর তত্বাবধানে মুন্সি পুকুর মোড় থেকে বাড়ি পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাখা হয়েছিল ব্যান্ড পার্টির ব্যবস্থা। ছিল হুডখোলা গাড়িও। সেই হুডখোলা গাড়িতে চেপেই বাড়ি পর্যন্ত যান পিয়ালী।

শনিবার এভারেস্টজয়ী পিয়ালীকে নিয়ে এলাকাবাসীর আবেগ ছিল চোখে পড়ার মত। ফুলের মালা পরিয়ে, ফুল ছড়িয়ে, মিষ্টি দিয়ে পিয়ালীকে স্বাগত জানানো হয়। বাড়ির সামনে আসতেই পিয়ালীকে দেখে কেঁদে ফেলে তার মা স্বপ্না বসাক। মেয়েকে জড়িয়ে ধরে, মিষ্টি খাইয়ে দেন তিনি। প্রায় দুই মাস পর বাড়ি ফিরেছেন মেয়ে। তাই এই দিন বাড়িতে পিয়ালীর জন্য দুপুরের মেনুতে রাখা হয়েছে তাঁর প্রিয় মাছের ঝোল আর ভাত।
এদিকে এলাকাবাসীর থেকে এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত পিয়ালী। এভারেস্টজয়ী পিয়ালী জানান, তাঁর এই অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকাবাসী থেকে তাঁর শুভানুধ্যায়ীরা সকলেই। তাঁদের সাহায্য ছাড়া এটা সম্ভব হত না।
তবে এখানেই থেমে থাকতে চান না পিয়ালী। এরপর তাঁর লক্ষ্য, বিশ্বের সব আট হাজারি চূড়া। এভারেস্টজয়ী জানিয়েছেন, পর্বতারোহণ এখনও আমাদের দেশে সেভাবে জনপ্রিয় হয়নি। যদি ট্রেনিংয়ের ক্ষেত্রে সরকার আমাদের পাশে দাঁড়ায় তাহলে খুব ভাল হয়। সবকিছুতেই একটা খরচের বিষয় থাকে। প্রশিক্ষণ, খাওয়া-দাওয়া, অভিযান এগুলির ক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার পাশে দাঁড়ায়, তাহলে অনেক উপকার হয়।

