৪৬ বছর পর আদালতের নির্দেশে নিজের জমি ফেরৎ পেল বনগাঁর এক পরিবার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ ডিসেম্বর: ৪৬ বছর পর আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জমির দখল পেল মালিক। এই ঘটনায় আদালতের উপর আস্থা বাড়লো বনগাঁর মানুষের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রতাপগড় এলাকায়। বাড়ি ভেঙ্গে জমি ফিরিয়ে দিল প্রশাসন।

জমির মালিক নির্মলেন্দু মুখার্জি নামে এক ব্যক্তি ১৯৭৫ সালে ১৭ শতক জমি কিনেছিলেন বনগাঁর প্রতাপগড় এলাকায়। নির্মলেন্দুবাবুর কেনা জমি দখল করে বসবাস করছিলেন প্রতিবেশী দিপালী বিশ্বাস। এরপর দিপালী বিশ্বাসের বিরুদ্ধে ১৯৭৫ সালে বনগাঁ মহকুমা আদালতে মামলা করেন নির্মলেন্দু মুখার্জি। নিম্ন আদালতের বিচারক ২০০২ সালে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরবর্তীতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন জানায় দিপালী বিশ্বাস। কিন্তু কোনও আদালতেই দিপালী বিশ্বাসের আবেদন রায় পায়নি। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ মত বনগাঁ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নির্মলেন্দু মুখার্জির কেনা জমি খালি করতে বাড়ি ভাঙ্গার কাজ শুরু হয়। দীর্ঘ ৪৬ বছর পরে কোর্টের রায়কে মান্যতা দিয়ে কেনা জায়গা ফিরে পাওয়ায় খুশি নির্মলেন্দু মুখার্জির পরিবার।

অন্যদিকে দিপালী বিশ্বাসের পরিবারের সদস্যরা জানায়, আদালতের নির্দেশ আছে জায়গা খালি করে দেওয়ার জন্য, কিন্তু বাড়ি ভাঙ্গার নির্দেশ তাদের কাছে নেই।

বনগাঁ মহকুমা আদালতে আইনজীবী রতন মুখার্জি বলেন, নিম্ন আদালতের রায়কেই মান্যতা দিয়ে হাইকোর্টও একই নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টও নিম্ন আদালতের রায়কে বহাল রাখায় পুলিশের সহযোগিতায় জায়গা খালি করা হচ্ছে আজ।

অন্যদিকে জমির মালিক কল্যাণ মুখার্জি বলেন, আমাদের আদালের উপর আস্থা ছিল যে আমারা ন্যায় বিচার পাবো। দেরিতে হলেও আমাদের জমি ফেরৎ পেয়ে খুশি। আর এই ঘটনার পর আদালতের উপর আরও আস্থা বাড়ল বনগাঁবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *