স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ এপ্রিল: মামির হাতে বেধড়ক মার খেল এক কিশোরী। তাকে বাঁচাতে গিয়ে আহত হলেন তার মা। ওই কিশোরীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তিপুর মুন্সিরপুল এলাকার ঘটনা।
ঘটনার বিবরণে জানা যায়, শান্তিপুর মুন্সিরপুল সংলগ্ন মানিক নগর এলাকায়, মাধবী সামন্ত তার ১৪ বছরের মেয়ে সীমা সামন্তকে নিয়ে তার বাপের বাড়িতে বসবাস করেন। প্রায়ই বাড়িতে থাকা অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে খেলতে মারামারি হয়। সেরকমই গতকাল সন্ধ্যায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে, ওই ১৪ বছরের কিশোরী সীমার হাতাহাতি হয়। তারপরই তার মামি বেধড়ক প্রহার করে। মারের চোটে সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে থাকে ওই কিশোরী। তখন মাধবী দেবী তার মেয়েকে বাচাঁনোর জন্য ছুটে গেলে, তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে তার মেয়েকে কোনওরকমে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসেন মাধবী দেবী। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তৎক্ষণাৎ তাকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
বর্তমানে ওই কিশোরী আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। মাধবী দেবী জানান, প্রায়ই তাকে এবং তার মেয়েকে করে মারধর করে ভাইবৌ। কিন্তু তার ভাইয়রা কোনও প্রতিবাদ করেন না। এই বিষয়ে মাধবী দেবী এর আগে কোন প্রতিবাদ করেননি, যেহেতু পরিবারে একসাথে থাকলে ঝামেলা লেগেই থাকে তাই। কিন্তু আজ তার মেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ার কারণে তিনি প্রতিবাদ করতে গেলে, তার ওপরও চড়াও হয় তার ভাইয়ের স্ত্রী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। তবে এই ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে এলাকায়।

